দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদ আবরার ফাহাদ হল ও শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ১০০–১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দিনাজপুর কোতোয়ালি থানায় এজাহার দাখিল করেছেন।
শুক্রবার (২২ মে) রাতে এ মামলা দায়ের করা হয়।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, একাউন্টিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসরিফ ইসলাম প্রান্তিক, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয়, ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি, রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা, অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ, ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শামস।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে নূর হোসেন হলে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার সরকারি সম্পদ নষ্ট হয়। এ সময় সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ তিনজন শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী জানান, মামলায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, একই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। পাশাপাশি সংঘর্ষের পূর্ববর্তী ও পরবর্তী ঘটনাসমূহের সুষ্ঠু তদন্তের জন্য সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরটিভি/এসএস



